Image description

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে থাকা দুটি বাসে আগুন ধরিয়ে দিলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্যে মিয়ার ঘটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক নজরুল ইসলাম (৪০) রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধার পাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা মাইজ্যা মিয়ার ঘটা এলাকায় অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কাপ্তাইমুখী ‘সৌদিয়া’ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নজরুল ইসলাম প্রাণ হারান। এ সময় অটোরিকশায় থাকা এক যাত্রী গুরুতর আহত হন, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা সৌদিয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশেই থাকা চন্দ্রঘোনা থেকে ছেড়ে আসা শহরমুখী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ নামক আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালুরঘাট ও রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাস দুটি পুড়ে কঙ্কালে পরিণত হয়।

দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ফলে সড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং রাত সোয়া ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা দুটি বাসে আগুন দিলে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়, তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর