সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা একটি বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সড়কের পাশে একটি ড্রেনের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। সন্দেহ হওয়ায় তারা কার্টনটি খুললে ভেতরে কালো পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
জালালাবাদ থানার এসআই মো. আজহারুল ইসলাম জানান, নবজাতকের মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটি মায়ের গর্ভে চার থেকে পাঁচ মাস বয়সী ছিল।
পুলিশ আরও জানিয়েছে, পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ময়নাতদন্ত শেষে শিশুটিকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। এই অমানবিক ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
মানবকণ্ঠ/আরআই




Comments