Image description

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলায় এটিই হামে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

নিহত শিশুর নাম হুমাইরা খাতুন। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়া এলাকার হুমায়ুন ইকবাল আহমেদের মেয়ে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে তার শরীরে হামের সংক্রমণ (পজিটিভ) ধরা পড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। ২৩ এপ্রিল প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছিল। তবে পরদিন শুক্রবার সকালে বাড়িতে থাকাকালীন হঠাৎ তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। দ্রুত পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র আরও জানায়, চুয়াডাঙ্গায় এ পর্যন্ত প্রায় ৫০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন শিশু ভর্তি রয়েছে। হামের প্রকোপ রোধে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের সঠিক সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মানবকণ্ঠ/ডিআর