Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অবহেলিত কাঁচা সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালু দক্ষিণপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী জানান, বালু দক্ষিণপাড়া গ্রামটি দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। গ্রামের হেলাল উদ্দিনের বাড়ি থেকে মধুর বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের এই সড়কটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার বেহাল দশার কারণে গ্রামে কোনো রিকশা বা জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করতে পারে না। ফলে মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগের শিকার হতে হয়।

বক্তারা আরও জানান, বর্ষাকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের হাঁটু সমান কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। অনেক সময় কাদায় জামাকাপড় নষ্ট হয়ে যাওয়ায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়াই বন্ধ হয়ে যায়। এছাড়া রাস্তাটি ভাঙাচোরা হওয়ায় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনেও দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৭ মাস আগে এই সড়কটি নির্মাণের কাজ শুরু হলেও তা এখনো আলোর মুখ দেখেনি। মাঝপথে কাজ আটকে থাকায় স্থানীয়দের ভোগান্তি আরও চরমে পৌঁছেছে। তাই দ্রুত এই সড়কের নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানিয়েছেন তারা।

মানবকণ্ঠ/আরআই