৪৫ দিনের অনলাইন প্রেম, চীন থেকে মিঠাপুকুরে এসে বিয়ে করলেন যুবক
ভৌগোলিক দূরত্ব আর ভাষার ভিন্নতা কোনোটিই বাধা হতে পারেনি ভালোবাসার সম্পর্কে। মাত্র ৪৫ দিনের অনলাইন পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলা ছুটে এসে বিয়ে করলেন এক চীনা যুবক।
মিঠাপুকুরের ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে অনলাইনে পরিচয় হয় চীনা যুবক মা লিয়াংহুই-এর। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালোবাসার টানেই প্রায় ৪-৫ দিন আগে তিনি আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান।
বিদেশি বর আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিদিনই কৌতূহলী মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন। স্থানীয়দের অনেকেই বিষয়টি আগ্রহ নিয়ে দেখলেও, কেউ কেউ যুবকের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা ও মা লিয়াংহুই-এর এই বিয়েতে দুই পরিবারের পূর্ণ সম্মতি ছিল। সামাজিক ও ধর্মীয় রীতি মেনে জাঁকজমকপূর্ণভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিদেশি যুবককে জামাই হিসেবে পেয়ে আনিকার পরিবার আনন্দ প্রকাশ করেছে। স্থানীয়দের কাছে এই বিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।




Comments