ইউনূস সরকারের বাণিজ্য চুক্তিতে ক্ষুণ্ণ হবে সার্বভৌমত্ব: গোলাম মাওলা রনি
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি অভিযোগ করেছেন, ড. ইউনূসের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ‘গোপন’ বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশের জাতীয় সত্তা ও সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই চুক্তির বিভিন্ন শর্ত ও প্রভাব নিয়ে তীব্র সমালোচনা করেন।
গোলাম মাওলা রনি বলেন, এই তথাকথিত বাণিজ্য চুক্তিতে এমন সব শর্ত দেওয়া হয়েছে যা আমাদের জাতিগত অস্তিত্বকে সংকটে ফেলবে। চুক্তির অংশ হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে উচ্চমূল্যে বিমান ও কৃষিপণ্য কিনতে হবে। এমনকি মার্কিন সেনাবাহিনী যেসব অস্ত্র বাতিল করে দেয়, সেগুলোও আমাদের চড়া দামে কিনতে বাধ্য করা হচ্ছে। তিনি দাবি করেন, ড. ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তির পেছনে আমেরিকার চাপের কথা স্বীকার করেছেন।
রনি আরও অভিযোগ করেন, তারেক রহমান, জামায়াত এবং এনসিপির মতো রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করেই এই সমঝোতা করা হয়েছে। তার মতে, ক্ষমতায় থাকা বা আসার জন্য এই ধরনের ‘গোলামির চুক্তি’কে সব পক্ষই সমর্থন দিয়েছে। তিনি একে ‘ডিপস্টেট’-এর কাজের ফল হিসেবে বর্ণনা করেন।
দেশের অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, "বর্তমানে বাংলাদেশের জন্য এক টাকার মূল্য একমুঠো ভাতের সমান। এমন চরম সংকটে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫টি মার্কিন বিমান কেনার সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।"
তিনি আরও যোগ করেন, ক্ষমতা রক্ষায় আমেরিকাকে ভয় পাওয়ার কিছু নেই; বিশ্বে এমন অনেক দরিদ্র দেশ আছে যারা মার্কিন আধিপত্যকে উপেক্ষা করে মাথা উঁচু করে চলতে জানে।
মানবকণ্ঠ/আরআই




Comments