Image description

তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে শাসনের মসনদে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। ১৯৬৭ সাল থেকে চলে আসা ডিএমকে ও এআইএডিএমকের দ্বিমেরু রাজনীতির অবসান ঘটিয়ে একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের পথে বিজয়। তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (১১৮ আসন) থেকে তারা মাত্র ১০টি আসন দূরে ছিল। এই পরিস্থিতিতে ৫টি আসন পাওয়া ভারতীয় জাতীয় কংগ্রেস বিজয়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকের পর তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়।

কংগ্রেসের এই সমর্থন পুরোপুরি নিঃশর্ত নয়। জানা গেছে, ৫টি আসন জেতা কংগ্রেস নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রী পদ এবং কয়েকটি সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ দাবি করেছে। বুধবারই তারা সমর্থনের আনুষ্ঠানিক চিঠি বিজয়ের হাতে তুলে দিতে পারে। শুধু কংগ্রেসই নয়, বিজয় বামপন্থী দলসমূহ, ভিসিকে (VCK) এবং আইইউএমএল-এর (IUML) মতো দলগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই দলগুলো সমর্থন দিলে তামিলনাড়ুতে একটি শক্তিশালী জোট সরকার গঠিত হবে।

তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এই ফলাফলকে ‘বিপ্লব’ হিসেবে দেখা হচ্ছে। ১৯৬৭ সাল থেকে রাজ্যটির ক্ষমতা কেবল ডিএমকে এবং এআইএডিএমকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ২০২৬ সালের এই নির্বাচনে ডিএমকে ক্ষমতা হারানোর পাশাপাশি এআইএডিএমকে তৃতীয় স্থানে ছিটকে পড়েছে। সিনেমার ‘থালাপতি’ হিসেবে পরিচিত বিজয় এখন বাস্তব জীবনে তামিলনাড়ুর ভাগ্যবিধাতা হয়ে আবির্ভূত হয়েছেন।

চেন্নাইয়ের পানাইয়ুরে টিভিকে-এর প্রধান কার্যালয়ে এখন উৎসবের আমেজ। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর জানা গেছে, আগামী ৭ মে (বৃহস্পতিবার) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়। তার সঙ্গে প্রাথমিকভাবে আরও ৯ জন মন্ত্রী শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।