Image description

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। 

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রাঞ্জল ও ছাত্রী জাহানারাকে শনাক্ত করা গেছে। বাকি তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা সবাই একই শ্রেণির শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় শ্রেণিতে পাঠদান চলাকালীন ছাদের সিলিং ফ্যানটি হঠাৎ বিকট শব্দে ছিঁড়ে নিচে পড়ে যায়। 

ক্লাসে উপস্থিত সহকারী শিক্ষক সেলিনা আক্তার জানান, "ফ্যানটি কাঁপা দেখে আমি দ্রুত শিশুদের সরিয়ে নেওয়ার চেষ্টা করি। অন্যথায় এটি সরাসরি তাদের মাথায় পড়তে পারত এবং প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারত।"

ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আবু জাফর বলেন, "প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। চোখের সামনেই ফ্যানটি ছিঁড়ে পড়ল। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, যার মধ্যে একজনের জখম বেশ গুরুতর। সে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।"

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন ধরেই স্কুল ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তিনি বলেন, "ভবনটি পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছি।"

স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া সত্ত্বেও ভবনটির রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের অবহেলা ছিল। বিদ্যালয়ের বর্তমান ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ এই ভবনে সন্তানদের পাঠিয়ে অভিভাবকরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত পুরাতন ভবনটি ভেঙে একটি নিরাপদ ও আধুনিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।