Image description

দেশে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। মাসজুড়ে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪০৪ জন এবং আহত হয়েছেন আরও ৭০৯ জন। নিহতের তালিকায় সবচেয়ে বড় অংশ মোটরসাইকেল আরোহী ও পথচারী। বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট নিহতের মধ্যে ১১৩ জনই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর ২৭ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে, রাস্তা পারাপার বা হাঁটার সময় ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৫ শতাংশের বেশি। এছাড়া দুর্ঘটনায় চালক ও সহকারী মিলিয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। বিশ্লেষণে দেখা যায়, ১৬৮টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে এবং ১৯৩টি আঞ্চলিক সড়কে ঘটেছে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা (১৯৪টি) ঘটেছে। এছাড়া মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৯৭টি এবং পথচারীকে চাপা দেওয়ার ঘটনা ১০৬টি।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এখানে ১০৯টি দুর্ঘটনায় ১০২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সিলেট বিভাগে সবচেয়ে কম ১২ জনের প্রাণহানি ঘটেছে। রাজধানী ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। সময় বিবেচনায় দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে (২৮.৫০%)।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের চলাচল এবং ট্রাফিক আইন না মানাকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন। একইসঙ্গে গণপরিবহন খাতে চাঁদাবাজি ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই