Image description

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ উপজেলার নগরহাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে, নিহত সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সুইটির পরিবার দীর্ঘ ১১ বছর ধরে শ্রীপুরের দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। তার বাবা-মা দুজনেই স্থানীয় পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরহাওলা গ্রামে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায় শিশু জিহাদ। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশেপাশে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে জিহাদের জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে দ্রুত জৈনাবাজারের আল-বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় বান্ধবী ও সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। গোসলের একপর্যায়ে তার সঙ্গে থাকা এক শিশুকে ডুবতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যায় সুইটি। ওই শিশুকে বাঁচাতে পারলেও সুইটি নিজে গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পর স্থানীয় এক কৃষক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি এখনও কেউ থানায় জানায়নি। তবে পুলিশ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর