কক্সবাজারের আকাশে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রহস্যময় আলোকরশ্মি দেখা যাওয়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সন্ধ্যা ৭টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে মাঝআকাশে অগ্নিসদৃশ উজ্জ্বল আলোর রেখা দেখতে পান অসংখ্য মানুষ। একই সময়ে ওই আলোকরশ্মির আশপাশে একটি রহস্যময় বস্তুকেও আলো ছড়াতে দেখা যায়।
প্রায় দুই মিনিট স্থায়ী হওয়া এ দৃশ্য কক্সবাজার শহর, উখিয়া, টেকনাফ ও ঈদগাঁওসহ বিভিন্ন উপজেলায় দেখা গেছে। সমুদ্রসৈকতে ঘুরতে থাকা পর্যটকেরাও ঘটনাটি প্রত্যক্ষ করেন।
ঢাকার উত্তরা থেকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক মোহাম্মদ আলী বলেন, হঠাৎ আকাশে এমন দৃশ্য দেখে বিস্মিত হয়েছেন তিনি। তার ভাষায়, “রকেটের মতো কিছু একটা আকাশে আলো ছড়িয়েছে বলে মনে হয়েছে।”
টেকনাফ পৌর এলাকার বাসিন্দা মোরশেদ জানান, প্রথমে তিনি এটিকে মেঘ ভেবেছিলেন। পরে বিষয়টি আরও রহস্যজনক মনে হয়। তিনি বলেন, সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ এলাকায় আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি আবহাওয়াজনিত নয়। ভারতীয় জলসীমায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই উৎক্ষেপণের আলোর প্রতিফলন বা দৃশ্যই কক্সবাজারের আকাশে দেখা গেছে।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে ভারত তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৬’-এর পরীক্ষা চালাতে পারে। এ কারণে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করে ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে দেশটি।
মানবকণ্ঠ/আরআই




Comments