Image description

সরকারের কাঠামোর ভেতরে ‘ছোট ছোট সরকার’ বিদ্যমান থাকায় নীতি বাস্তবায়নে নানা জটিলতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণের জন্য শুধু সুন্দর নীতিমালা থাকলেই হবে না, সেটির সঠিক বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সোমবার (১১ মে) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগের পরিবেশ উন্নত করতে পলিসির চেয়ে তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে সরকার বাস্তবায়ন প্রক্রিয়া থেকে কিছুটা দূরে রয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির ওপর আমাদের বড় ফোকাস থাকলেও সরকারি সংস্থাগুলোর অভ্যন্তরীণ সমন্বয়হীনতা বা ছোট ছোট প্রভাব বলয়ের কারণে বাস্তবায়নের ক্ষেত্রে নানা ঝামেলার সৃষ্টি হয়।’

বিনিয়োগকারীদের আস্থার বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগের আগে সে দেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখেন। আমরা যদি জ্বালানি সমস্যার স্থায়ী সমাধান করতে না পারি, তবে তাদের মধ্যে আস্থা তৈরি হবে না। তবে আশার কথা হলো, এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে সরকার।’

কর্মসংস্থান বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কর্মসংস্থান ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা এনবিআরকে ৪৬টি সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছি। আগামী বাজেটে তারা এসব সুপারিশের কতগুলো বাস্তবায়ন করে, সেটিই এখন দেখার বিষয়।’

সেমিনারে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যকর করার ওপর জোর দেন।

মানবকণ্ঠ/আরআই