ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন পাকা সড়কে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ডাসারপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (২৭), প্রাণনাথপুর এলাকার তানজিমুল মণ্ডল (২৩) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাটিরা এলাকার মো. সাইদুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা ব্যবহার করে একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল। এই চক্রটিকে ধরতে দীর্ঘ কয়েক মাস ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল ধোবাউড়া থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) সাকিব হাসান ও এএসআই (নিরস্ত্র) শরিফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। কলসিন্দুর এলাকায় একটি নীল রঙের সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালালে ভেতরে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৫৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে পুলিশ মাদকসহ গাড়িটি জব্দ করে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments