৩৭ লাখ টাকার ভবনে নেই সিঁড়ি ; ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে প্রায় চার বছর আগে নির্মাণ করা হয়েছে দুইতলাবিশিষ্ট একাডেমিক ভবন। তবে ভবনটির দোতলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নির্মাণ না করায় দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে উপরের তলা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ভবনটি নির্মাণে রাজবাড়ী জেলা পরিষদ থেকে তিন দফায় ২৭ লাখ টাকা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আরও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের মূল কাঠামোর কাজ শেষ হলেও দোতলায় ওঠার সিঁড়ি নির্মাণ করা হয়নি।
ফলে ভবনের নিচতলায় গাদাগাদি করে পাঠদান চালাতে হচ্ছে। একাধিক শ্রেণির শিক্ষার্থীদের একই কক্ষে বাঁশের তালাই দিয়ে অস্থায়ী পার্টিশন দিয়ে ক্লাস নেওয়ায় স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, পর্যাপ্ত কক্ষের অভাবে অনেক সময় ঠিকমতো বসারও সুযোগ থাকে না। দোতলায় কক্ষ থাকা সত্ত্বেও ব্যবহার করতে না পারায় দুর্ভোগ আরও বেড়েছে। পাশের রুমের শব্দে পড়াশোনায় মনোনিবেশ করা কঠিন হয়ে যায়।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণ বন্ধু রায় বলেন, ভবনটি দুইতলা হলেও সিঁড়ি না থাকায় দোতলার কক্ষগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এছাড়া বিদ্যালয়ে সুপেয় পানিরও সংকট রয়েছে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, শুধু ভবন নির্মাণ করলেই দায়িত্ব শেষ নয়, সেটি ব্যবহার উপযোগী করাও জরুরি। তাই দ্রুত সিঁড়ি নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় ভবনের সিঁড়ি নির্মাণের বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।




Comments