কুড়িগ্রামের রাজারহাটে অতিবৃষ্টির কারণে তলিয়ে যাওয়া পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা। গত ১৫ মে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ধান কাটার কাজ সম্পন্ন করা হয়।
গত কয়েকদিন ধরে কুড়িগ্রাম জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে নিচু এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে যায়। বালাকান্দি গ্রামের শ্রী রিপন চন্দ্রের পাকা ধানের জমিও পানিতে নিমজ্জিত হয়। শ্রমিক সংকটের কারণে পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম দেখে দিশেহারা হয়ে পড়েন এই কৃষক। এই সংকটময় পরিস্থিতির কথা জানিয়ে গত ১৪ মে একজন ভিডিপি সদস্য ভিডিওসহ রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করেন।
তথ্য পাওয়ার পর উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেন বিষয়টি সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টকে অবহিত করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক, ১৫ মে সকালে মো. উজ্জল হোসেনের নেতৃত্বে উমরমজিদ ইউনিয়নের ২০ জন স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য ওই এলাকায় যান। তারা দলবদ্ধভাবে পানিতে নেমে রিপন চন্দ্রের পাকা ধান কেটে দেন।
শ্রমিক সংকটের এই সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের এমন মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন জমির মালিক রিপন চন্দ্র। তিনিসহ স্থানীয় বাসিন্দারা বাহিনীর এই নিঃস্বার্থ উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেন জানান, জননিরাপত্তার পাশাপাশি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষকের ফসল রক্ষায় তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।




Comments