শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ফেডারেশন ঘোষিত কমিটি বাতিল এবং নতুন নির্বাচনের দাবিতে রাজশাহীতে হঠাৎ করেই ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা।
আজ সোমবার সকাল থেকে এই কর্মসূচির কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শিরোইল বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, দূরপাল্লা এবং আন্তঃজেলা রুটের কোনো বাসই ছেড়ে যাচ্ছে না। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এই ধর্মঘটে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আসা শত শত যাত্রী বিপাকে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস না পেয়ে অনেককেই ফিরে যেতে দেখা গেছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, ফেডারেশনের পক্ষ থেকে যে কমিটি দেওয়া হয়েছে তা তারা মানেন না। তারা বর্তমান কমিটি বাতিল করে একটি ‘আহ্বায়ক কমিটি’র মাধ্যমে স্বচ্ছ নির্বাচনের দাবি জানাচ্ছেন।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "যতক্ষণ পর্যন্ত অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনের ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাস রাস্তায় নামবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।"
অন্যদিকে, হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বলছেন, শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হতে হচ্ছে সাধারণ জনগণকে। তারা দ্রুত এই সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী, শ্রমিকদের এই অনড় অবস্থানের কারণে পরিস্থিতি থমথমে রয়েছে এবং এখন পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।




Comments