জমজমাট আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামলো ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর দ্বিতীয় আসরের। শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত ফাইনালে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে কাপ শিরোপা জিতে নিয়েছে রবি আজিয়াটা পিএলসি।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-র ব্যানারে নাটমেগ আয়োজিত এই টুর্নামেন্টে এবার দেশের ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। মোট ৫০টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি দেশের অন্যতম বড় কর্পোরেট স্পোর্টিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করলো।
বহুল প্রতীক্ষিত কাপ ফাইনালে মুখোমুখি হয় রবি আজিয়াটা পিএলসি এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে টাইব্রেকার ভাগ্যে ডিএইচএল-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রবি। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রবির শাকিব ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
এর আগে দিনের শুরুতে অনুষ্ঠিত হয় প্লেট ফাইনাল। যেখানে শেভরন বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষে তূর্য এবং শেভরনের পক্ষে আশিক গোল করেন। পরবর্তীতে নাটকীয় সাডেন-ডেথ টাইব্রেকারে জয় নিশ্চিত করে প্লেট শিরোপা ঘরে তোলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ম্যাচ সেরা হন তূর্য।
পুরো টুর্নামেন্টে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ডিএইচএল-এর শাহীনুর। একই দলের সৈকত তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জিতে নেন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার। রবির গোলরক্ষক মুসাব্বির সেরা গোলরক্ষক এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ ‘ফেয়ার প্লে ট্রফি’ অর্জন করে লাফার্জ হোলসিম বাংলাদেশ।
ফাইনাল ম্যাচ শেষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইসিসিআই-এর পরিচালক এম এইচ এম ফাইরোজ, নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির, রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মোঃ জুবায়েদ উল ইসলাম, ব্যাকপেজ পিআর-এর ডিরেক্টর সাব্বির ফেরদৌস, নভোএয়ার-এর সেলস ইন-চার্জ মাজহারুল কবির এবং নাটমেগ-এর ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম।
উল্লেখ্য, এবারের আয়োজনে টাইটেল স্পনসর হিসেবে ছিল অ্যাক্সেনটেক, কো-স্পনসর সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার হিসেবে ছিল নভোএয়ার।
মানবকণ্ঠ/ডিআর




Comments