জননিরাপত্তা নিশ্চিত ও পেশাদারিত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ: এসপি মাসুদ
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তিনি বলেন, পেশাগত লক্ষ্য অর্জনে পুলিশের প্রতিটি সদস্যের জন্য নিয়মিত পিটি ও প্যারেড চর্চা করা অপরিহার্য।
মঙ্গলবার (১৯ মে) সকালে চট্টগ্রাম মহানগরীর হালিশহরে অবস্থিত জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসপি মাসুদ আলম মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে সব সদস্যকে সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশকে সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”
এদিন সকালে পুলিশ লাইন্স মাঠে জমকালো মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড শুরুর পর পুলিশ সুপার সুসজ্জিত কন্টিনজেন্টের অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। কুচকাওয়াজে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন। পরিদর্শনকালে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করেন এসপি।
প্যারেড শেষে এক বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্যারেডে যারা অত্যন্ত আকর্ষণীয় টার্নআউট, সুশৃঙ্খল কায়দা-কানুন এবং চমৎকার দক্ষতা প্রদর্শন করেছেন, তাঁদের ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার। পরে ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসপি মাসুদ আলম আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সব সময় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments