Image description

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আন্তঃ ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালে এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু অতিথিদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন। এসময় জাতীয় সংগীত চলাকালীন আকস্মিকভাবে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম বেপারি লাঠি হাতে চেয়ারম্যানের দিকে তেড়ে যান এবং হামলার চেষ্টা করেন। এতে সেখানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিদ্যালয়ের জমি নিয়ে চেয়ারম্যান জিল্লুর সঙ্গে জসিম বেপারির দীর্ঘদিনের বিরোধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

হামলার শিকার চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু বলেন, “আমি সরকারি দায়িত্ব পালন করছিলাম এবং জাতীয় পতাকা উত্তোলন করছিলাম। ঠিক সেই মুহূর্তে জসিম বেপারি ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। আমি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

অভিযুক্ত জসিম বেপারি হামলার বিষয়টি স্বীকার করে বলেন, “বিদ্যালয়ের জমি আমাদের বংশীয় সম্পত্তি। তাছাড়া আমি বিএনপির রাজনীতি করি এবং অতীতে চেয়ারম্যান আমাদের অনেক ক্ষতি করেছেন। সেই ক্ষোভ থেকেই আমি সেখানে গিয়েছিলাম।”

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশের উপস্থিতিতে পরে অনুষ্ঠান পুনরায় শুরু হয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর