Image description

মুন্সিগঞ্জ সদরে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন—সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। এর মধ্যে সোপান শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ এলাকার রিপন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১৩ জন বন্ধুকে নিয়ে মুন্সিগঞ্জে নিজের বাড়িতে বেড়াতে এসেছিলেন সোপান। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে সবাই মিলে গোসল করতে নামেন। একপর্যায়ে আজওয়াদ পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে যান সোপান। কিন্তু সাঁতার না জানায় সোপানও পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মানবকণ্ঠ/আরআই