জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোতে আবারও ভাঙনের সুর দেখা দিয়েছে। এবার দলটির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক মাইনুল ইসলাম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে তাঁর অব্যাহতিপত্র জমা দিয়েছেন। রোববার (৩১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মাইনুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেন।
মাইনুল ইসলাম জানান, গত ২৩ মে তিনি এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা মিতুকে সশরীরে পদত্যাগের বিষয়টি অবহিত করেন। পাশাপাশি বরিশাল বিভাগীয় আহ্বায়ককেও এ বিষয়ে জানানো হয়েছিল। তবে এক সপ্তাহ পার হয়ে গেলেও কেন্দ্রীয় কমিটি তাঁর পদত্যাগপত্র গ্রহণ বা এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি নিজেই বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি ঝালকাঠিতে ১৮ সদস্যবিশিষ্ট এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এতে মাইনুল ইসলামকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্যসচিব করা হয়।
এই পদত্যাগের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো নেতার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্রটি গ্রহণ করেছে কি না, সে বিষয়েও এখনো কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা পর্যায়ের শীর্ষ নেতার এমন প্রস্থান দলের তৃণমূল সংগঠনে প্রভাব ফেলতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments