এলাকা শান্ত রাখুন, উন্নয়নের যা প্রয়োজন সরকারের নেতৃত্বে আমরা করব: আমান উল্লাহ আমান
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, "আপনারা এলাকা শান্ত রাখবেন। উন্নয়নের যা প্রয়োজন, এই সরকারের নেতৃত্বে আমরা তার সবকিছুই করব।"
সোমবার (১ জুন) বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া আকসাইল খেলার মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান মাদক নির্মূলে আপসহীন মনোভাব ব্যক্ত করে বলেন, "এলাকায় কোনো মাদক থাকবে না। মাদকসেবী বা কারবারি যদি বিএনপির কোনো কর্মীও হয়, তবে তাকেও পুলিশে ধরিয়ে দেবেন। মনে রাখবেন, খালেদা জিয়াকে যারা জুলুম করে বাড়িছাড়া করেছিল, আল্লাহ তাদের আজ দেশছাড়া করে দিয়েছেন। তাই আপনারা কারো ওপর কোনো প্রকার জুলুম-অত্যাচার করবেন না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে রাষ্ট্র শান্ত থাকবে।"
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মানিকনগর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ভাওয়াল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। আকসাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত বছরব্যাপী এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করেছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান ও কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হোসেন চাঁনমিয়া। এছাড়াও আকসাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মো. আলম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments