ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ নম্বর আসনে দীপেন দেওয়ানের কট্টর প্রতিদ্বন্দ্বী ছিলেন যারা, রাজনৈতিক বিভেদ ভুলে এখন তারাই তাঁর পদত্যাগ প্রত্যাহারের দাবি তুলেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পহেল চাকমা ও আবুল বাশার এই দাবি জানান। তাদের অভিযোগ, অভ্যন্তরীণ দলীয় কোন্দলের জেরেই দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত পহেল চাকমা ত্রয়োদশ নির্বাচনে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং আবুল বাশার ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী।
সংবাদ সম্মেলনে পহেল চাকমা বলেন, “দীপেন দেওয়ান রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পার্বত্যমন্ত্রী হয়েছিলেন। তাঁকে পদত্যাগে বাধ্য করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই সসম্মানে তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক।”
তিনি আরও অভিযোগ করেন, ১৯৯৭ সালের শান্তিচুক্তির ধারাবাহিকতায় এই মন্ত্রণালয় গঠিত হলেও বর্তমানে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে।
অন্যতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার বলেন, “রাঙামাটির উন্নয়ন এবং পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মাঝে সুষম সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দীপেন দেওয়ানের বিকল্প নেই। উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে রাঙামাটিবাসী তাঁকে পুনরায় মন্ত্রী হিসেবে দেখতে চায়।”
উল্লেখ্য, পার্বত্যমন্ত্রীর পদত্যাগের ৪৮ ঘণ্টা পর থেকেই রাঙামাটিতে তাঁর অনুসারী ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এর আগে তাঁর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের মতো কর্মসূচিও পালন করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments