Image description

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন ও কামালপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। পৃথক ঘটনায় আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. মানিকের দুই বছরের শিশু সন্তান মো. সাফওয়ান সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুর পূর্বপাড়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে খেলার সময় ডোবার পানিতে পড়ে যায় মো. জিসান (৪) ও ঝুমা আক্তার (৫)। জিসান ওই গ্রামের হিমেলের ছেলে এবং ঝুমা রিজিক মিয়ার মেয়ে। সম্পর্কে তারা আপন ফুফু-ভাতিজা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় ঝুমাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

একই দিনে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল শিশুদের নিরাপত্তায় জলাশয়ের পাশে চলাফেরা ও খেলার সময় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর