আদমদীঘিতে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, মা আহত
বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় নিহতের মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন।
নিহত রাব্বি হোসেন তেঁতুলিয়া গ্রামের আফাল উদ্দিনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রাব্বি তার মা মনিকা বেগমসহ আরও কয়েকজনের সঙ্গে গ্রামের পাশে নিজেদের মরিচ ক্ষেতে কাজ করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে রাব্বি ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় পাশে থাকা তার মা মনিকা বেগমও বজ্রাঘাতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments