Image description

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও তার পাঁচ বছরের শিশু সন্তান রয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোসনা বেগম (৪০), তার ছেলে আশরাফুল (৫) এবং অটোরিকশাচালক মাহবুব (৪৫)। এই ঘটনায় জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও তার চার বছরের মেয়ে আদিবা গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কসবা থেকে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত কাউসার ও তার মেয়ে আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটির চালক ও সহযোগী পালিয়ে গেছে। পুলিশ পিকআপটি জব্দ করার চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।