আওয়ামী লীগের ফাঁদে আবারও পা দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সেই একই বিএনপি আবারও আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়েছে।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "যারা আজ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তারাই আপনার বাবার হত্যাকারী, তারাই আপনার মায়ের ওপর নির্যাতনের জন্য দায়ী। তারাই বিএনপির অসংখ্য নেতাকর্মীর হত্যাকারী। এমনকি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীও তাদের হাতে নির্যাতিত ও নিহত হয়েছে।"
তিনি আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা ট্র্যাজেডিসহ দেশের বিভিন্ন আলোচিত ঘটনার বিচার ও সত্য উদঘাটনের দাবি এখনো গণমানুষের হৃদয়ে রয়েছে। দেশের মানুষ এসব অন্যায়ের নিরপেক্ষ বিচার চায়।
এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা এনসিপি নেতা মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান বিন্দু প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার।
অনুষ্ঠানে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন। যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন দলের শীর্ষ নেতারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments