সংখ্যা বা কাগজের হিসাব নয়, বাজেটের প্রতিটি টাকার সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়— এমন বাস্তবমুখী বাজেটের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় যুবশক্তির কার্যালয়ে আয়োজিত ‘ছায়া বাজেট ২০২৬-২৭’ ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা করে দলটি।
আগামী ৭ জুন শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনের আগে দেশের সার্বিক অর্থনৈতিক সংকট তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বর্তমান সরকার মূলত আওয়ামী লীগের রেখে যাওয়া লুটপাট ও ক্যাপাসিটি চার্জনির্ভর একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। খেলাপি ঋণের হার ৩০ শতাংশ ছাড়িয়েছে, পাশাপাশি জ্বালানি আমদানিতে প্রতি বছর ১২ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করতে হচ্ছে, যা অর্থনীতির জন্য বড় বোঝা।
এনসিপির অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে তিনি জানান, তাদের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সংস্কার। বিগত ১৭ বছরে নির্দিষ্ট কিছু পরিবারের কুক্ষিগত থাকা ব্যাংক খাতকে সংস্কারের মাধ্যমে ব্যবসাবান্ধব ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতির যে প্রকৃত চিত্র জনসমক্ষে তুলে ধরেছিল, বর্তমান বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সেই স্বচ্ছ অবস্থান থেকে সরে এসেছে।
ছায়া বাজেট ঘোষণা অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments