চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (৬ বিজিবি) আজিজুল রহমান নামে এক সদস্য আত্মহত্যা করেছেন। শনিবার (৬ জুন) সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল রহমান ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা কোনো ব্যাধিতে ভুগছিলেন। এর ফলেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি সদস্যের আত্মহত্যার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ ও বিস্তারিত জানা যাবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments