Image description

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। নিহতদের মরদেহ এলাকায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এর আগে, গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই পাঁচ প্রবাসী নিহত হন। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাস সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-২২৬) হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো দেশের উদ্দেশে পাঠানো হয়। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।

মরদেহগুলো দেশে পৌঁছানোর পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিহতদের পরিবারের জন্য সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা কাজ করছে বলে জানানো হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের নিজ এলাকা কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর