চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সীমিত সুযোগ পেয়ে মোটেও সন্তুষ্ট নন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। তবে বিষয়টি তিনি বেশ পেশাদারিত্বের সঙ্গেই সামলাচ্ছেন এবং এর ইতিবাচক প্রভাব পুরো দলের ওপর পড়ছে বলে জানিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট খেলেছিলেন তিনি। আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৪ বছর বয়সী এই তারকাকে আবারও বদলি বেঞ্চেই দেখা যেতে পারে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ফোলা ডি সাও পাওলো’কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, "কম সুযোগ পেয়ে নেইমার সন্তুষ্ট নয়, তবে সে বেশ শান্ত রয়েছে এবং অনুশীলনেও ভালো করছে। সতীর্থদের কাছে সে অত্যন্ত শ্রদ্ধার পাত্র, সবাই তাকে ভালোবাসে। ড্রেসিংরুমে তার উপস্থিতি দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ব্যক্তি হিসেবেও নেইমার দারুণ। তাকে দলে পেয়ে আমি সত্যিই আনন্দিত। একজন প্রতিযোগী হিসেবে সব ম্যাচেই সে খেলতে চাইবে, এটাই স্বাভাবিক।"
ডান পায়ের কাফ পেশির চোট নিয়ে বিশ্বকাপে আসা নেইমার যদিও ইঙ্গিত দিয়েছেন যে তিনি পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত, তবে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার পুরো ম্যাচ ফিটনেস নিয়ে এখনো কিছুটা শঙ্কা রয়ে গেছে।
এ প্রসঙ্গে আনচেলত্তি জানান, "গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে কতক্ষণ সে মাঠে সেরাটা দিতে পারবে তা বলা কঠিন। ম্যাচের ছন্দ ধরে রাখার মতো পর্যাপ্ত অভিজ্ঞতা তার রয়েছে। যখনই প্রয়োজন হবে, আমি তাকে মাঠে নামাব।"
ঐতিহাসিক পরিসংখ্যান অবশ্য নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জন্য খুব একটা সুবিধাজনক নয়। এর আগে চারবারের মোকাবেলায় কখনই নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল (দুইটি ড্র ও দুটি পরাজয়)। এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা।
নরওয়ে ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেন, "নরওয়ের বিপক্ষে লড়াই সবসময়ই কঠিন। তবে আমরা একটি ভালো ম্যাচ উপহার দিতে আত্মবিশ্বাসী। রক্ষণভাগে তারা অত্যন্ত গোছানো এক দল। আমরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছি। গোল হজম করলেও তা কাটিয়ে ওঠার কৌশল আমাদের জানা আছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments