Image description

বগুড়ার মহাস্থান এলাকায় অমানবিক পরিবেশে সার্কাসে ব্যবহৃত হাতি ‘বাদশা বাহাদুর’ অবশেষে মুক্তি পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় হাতিটিকে উন্নত চিকিৎসা ও যথাযথ পরিচর্যার জন্য ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হচ্ছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় মহাস্থান ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হাতিটি হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাস্থান এলাকায় পর্যাপ্ত খাবার ও পরিচর্যা ছাড়াই হাতিটি দিয়ে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। অযত্ন আর অবহেলায় হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে হাতিটির মালিক সেটিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলে দীর্ঘদিনের বন্দিদশা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় সেটি হস্তান্তর করেছেন। প্রাণী সম্পদ অধিদপ্তর এখন থেকে হাতিটির দেখাশোনা করবে। জাতীয় চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশে ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাতিটি দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”

এ সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর