বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। এবার মিশরের বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড এখন তার দখলে।
মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে সহায়তা করে বিশ্বকাপে নিজের নবম অ্যাসিস্ট পূর্ণ করেন মেসি। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে, যার নামের পাশে ছিল আটটি অ্যাসিস্ট। ১৯৯৪ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে শেষবার অ্যাসিস্ট করেছিলেন ম্যারাডোনা।
মিশরের বিপক্ষে ম্যাচে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। কঠিন সেই পরিস্থিতিতে ৭৭ মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান রোমেরো। সেই অ্যাসিস্টই ইতিহাসের পাতায় নতুন করে জায়গা করে দেয় মেসিকে।
অ্যাসিস্টের রেকর্ড গড়েই থেমে থাকেননি তিনি। ৮৩ মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে নিজেও গোল করেন। এটি ছিল বিশ্বকাপে তার ২১তম ক্যারিয়ার গোল এবং চলতি আসরে অষ্টম গোল।
এই গোলের সুবাদে গোল্ডেন বুটের লড়াইয়েও এককভাবে শীর্ষে উঠে এসেছেন মেসি। এর আগে কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো বল থেকে হেডে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। মাত্র ১৪ মিনিটে তিন গোল করে ২-০ ব্যবধান থেকে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।
গোল, অ্যাসিস্ট এবং নেতৃত্ব—সব মিলিয়ে আরেকটি স্মরণীয় রাতে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন লিওনেল মেসি।
মানবকন্ঠ/এসএস




Comments