লালমনিরহাটের পাটগ্রামে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক লেবু মিয়ার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরের পর উপজেলার কলেজ মোড় এলাকায় ‘তানভীর অটো ভলকানাইজিং পার্টস’ দোকানে এই হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত লেবু মিয়া স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের খণ্ডকালীন গাড়ি চালক হিসেবেও পরিচিত। হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেবু মিয়ার এক কর্মচারী ওই দোকানে বাকিতে গাড়ি মেরামত করতে গেলে টাকা দেওয়া নিয়ে মালিক আমিনুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লেবু মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে আমিনুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করছে।
গুরুতর আহত আমিনুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা লেবু মিয়া দাবি করেন, তিনি টাকা দিতে গেলে উল্টো তার ওপরই হামলা করা হয়েছে এবং সামান্য ঘটনাকে বড় করা হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজসহ পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments