দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জনের শরীরে হাম ও এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৪৫ জনের মৃত্যু হলো।
অধিদপ্তর আরও জানিয়েছে, গত একদিনে নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৭৯৬ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৮ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় মোট ১৩ হাজার ৭০ জনের হাম নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯১ হাজার ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা দেওয়া এবং শরীরে র্যাশ বা জ্বর দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments