শিবগঞ্জে রাইসমিল মালিককে হত্যা ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
বগুড়ার শিবগঞ্জে রাইস মিলে ডাকাতির সময় মালিক মোহাম্মদ আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি ও হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রাতে আটমূল ইউনিয়নের ফেনী গ্রামের ফুলতলা এলাকায় নিজ রাইস মিলে পাহারায় ছিলেন মোহাম্মদ আলী। রাত আনুমানিক দেড়টার দিকে ৫-৬ সদস্যের একটি ডাকাত দল মিলের ট্রান্সফরমার চুরি করতে এলে তিনি বাধা দেন। এসময় ডাকাতরা তার হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে ডাকাতদের চিনে ফেলায় পরিচয় গোপন রাখতে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যা মামলা (দণ্ডবিধির ৩৯৬ ধারা) দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। বগুড়া জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএমের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) রবিউল ইসলামের তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায় নিজ নিজ এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments