Image description

মাদারীপুর সদর থানা থেকে হাসিনা বেগম নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সদর থানা পুলিশের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার মাদারীপুরের ইটেরপুল পুলিশ ফাঁড়ির এসআই মোকসেদ হাসিনা বেগমকে গ্রেপ্তার করেন। পরে তাকে মাদারীপুর সদর থানায় নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, ওই দিন রাত আনুমানিক ১টার দিকে তিনি কৌশলে থানা হেফাজত থেকে পালিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। ঘটনার পর শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করেছেন এবং বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়েছেন। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তথ্য গোপন রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে মাদারীপুর সদর থানার ওসি এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা (এসএমএস) পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, “ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে আমি বর্তমানে অফিসের বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না।”

মানবকণ্ঠ/ডিআর