ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে পৃথক দুটি ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) উপজেলার আয়মন নদী ও কচুয়া বিলে ডুবে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—গন্ধবপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে ও নুরুল হেরা ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মুহিবুল হাসান (১১), বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) এবং মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)। তানজিনা ও মারিয়া সম্পর্কে আপন চাচাতো বোন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা থেকে ছুটিতে বাড়ি আসা মুহিবুল হাসান জুমার নামাজের আগে নতুন বাজার এলাকায় আয়মন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের তানজিনা ও মারিয়া বিকেল থেকে নিখোঁজ ছিল। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদেরও মৃত ঘোষণা করা হয়। একই পরিবারের দুই শিশুসহ তিন জনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়গুলো নিছক দুর্ঘটনা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments