পূবাইলের কৃষক ফেরদৌসের খোঁজ নিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার সৌখিন কৃষক ফেরদৌস ব্যাপারীর কৃষিকাজ, খামারের কার্যক্রম এবং বর্তমান কৃষি পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১১ জুলাই) সকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবুবকর সরকারের মাধ্যমে মোবাইল ফোনে ফেরদৌস ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হয়। ফোনালাপে তার কৃষি উৎপাদন, খামারের সার্বিক কার্যক্রম, বর্তমান মৌসুমে কৃষকদের নানা সমস্যা, উৎপাদন ব্যয় এবং কৃষি খাতের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রতিমন্ত্রী। পাশাপাশি কৃষিকাজ আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং কৃষকদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
ফেরদৌস ব্যাপারী দৈনিক মানবকণ্ঠকে বলেন, আমি কখনো ভাবিনি সরকারের এত উচ্চপর্যায়ের একজন দায়িত্বশীল ব্যক্তি একজন সাধারণ কৃষকের খোঁজ নিতে নিজ উদ্যোগে ফোন করবেন। মাননীয় প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার সব কথা শুনেছেন। কৃষিকাজ ও খামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। একজন সাধারণ কৃষক হিসেবে এটি আমার জন্য বড় অনুপ্রেরণা। এতে মনে হয়েছে, সরকার সত্যিই মাঠপর্যায়ের কৃষকদের কথা জানতে ও তাদের পাশে থাকতে আগ্রহী।
সংশ্লিষ্টরা বলছেন, মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হওয়া কৃষি উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর পদ্ধতি থেকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




Comments