Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অতীতে বিভিন্ন গণ-অভ্যুত্থানের সুফল ভোগ করলেও ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবির মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও পরে সেই ব্যবস্থাই বাতিল করে। এর ফলেই পরবর্তী ১৬ বছর দলটিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, গণভোট, সংস্কার ও জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। কিন্তু এখন তারা গণভোটের রায়, ৩১ দফা, জুলাই সনদ এবং গণতান্ত্রিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংকটে মানুষ আবার হারিকেন ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আইনশৃঙ্খলা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সংস্কারে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ ইস্যুতে তিনি বলেন, এসব প্রতিরোধে ব্যর্থ হলে জাতীয়তাবাদের দাবি করা উচিত নয়। তিনি এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা অনড় থাকবেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তিনি বলেন, দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।