Image description

হবিগঞ্জের মাধবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৬টি চোরাই মোবাইল ফোনসহ মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি ও টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।

গ্রেপ্তারকৃত শাহিন আলম রবিন মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর