Image description

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে অভিযান চালিয়ে জব্দ করা ৪টি বিশাল মাছ ধরার জাল ছিনিয়ে নিয়ে গেছে জেলেরা। রোববার (১২ জুলাই) বিকেলে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিক পারভেজ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১২ জুলাই ডিঙ্গাপোতা হাওর থেকে ৪টি বড় অবৈধ জাল জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। ওইদিন বিকেল ৫টার দিকে আদর্শ নগর বাজার থেকে শতাধিক জেলে এবং নৌপথে ট্রলারযোগে আরও ৭০-৮০ জন জেলে সংঘবদ্ধ হয়ে তদন্ত কেন্দ্রে হানা দেয়। তারা পুলিশের হেফাজতে থাকা ওই ৪টি জাল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

ইনচার্জ আরও বলেন, “আমরা জেলেদের বোঝানোর চেষ্টা করেছিলাম এবং মৎস্য কর্মকর্তার সাথে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা কোনো কথা শুনতে রাজি হয়নি। জাল ছিনতাইয়ের পুরো ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। সরকারি কাজে বাধা ও সম্পদ ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এদিকে জেলেদের দাবি, ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা গত ২৮ জুন শেষ হয়েছে। তারা সেই আইন মেনেছেন। স্বাধীনতার পর থেকে এই সময়ে কখনো হাওরে মাছ ধরা নিষেধ ছিল না। এনজিও এবং বিভিন্ন মাধ্যম থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারা জাল কিনেছেন। মাছ ধরতে না পারলে হাওর অঞ্চলের শত শত পরিবার অনাহারে দিন কাটাবে। তবে তদন্ত কেন্দ্র থেকে জাল ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মানবকণ্ঠ/ডিআর