Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তাঁর আধা সরকারি পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের এই অনুমোদন প্রদান করেছে। জনগুরুত্বপূর্ণ এই পদক্ষেপের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, নান্দাইল উপজেলার বিশাল জনগোষ্ঠীর তুলনায় ৫০ শয্যার এই হাসপাতালটি দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত ছিল। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী আসায় মেঝেতে থেকে চিকিৎসা নিতে হতো সাধারণ মানুষকে। শয্যা সংখ্যা বৃদ্ধির ফলে এখন রোগীদের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার খবরে নান্দাইলবাসীর মধ্যে খুশির জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, শয্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম দ্রুত নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ প্রকৃত সুফল ভোগ করতে পারে।

মানবকণ্ঠ/ডিআর