ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলের ধারালো দা’র কোপে মো. মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মজিবুর রহমান খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে ফারুক আহমেদকে (৩০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে খন্দকপাড়া গ্রামে নিজ বাড়িতে বাবা মজিবুর রহমান ঘুমিয়ে ছিলেন। এসময় ফারুক হঠাৎ ধারালো দা দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মজিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments