Image description

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার আলু বাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সৈয়দপুরের বাসিন্দাদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বুধবার দিবাগত গভীর রাতে তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আলু বাজারের ‘আরমান সেলুনে’ এসি বিস্ফোরণের ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন দগ্ধ হন। আহতদের মধ্যে ৪ জনই সৈয়দপুরের বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন— সৈয়দপুর নতুন বাবুপাড়া দুর্গামিল ক্যাম্পের পাপ্পু এবং কুলি মহল্লার শামশেদ ও আরমান। অপর একজনও সৈয়দপুরের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই এমপি আব্দুল মুনতাকিম রাতে হাসপাতালে গিয়ে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এমপি হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, “দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। সৈয়দপুরের যেসব মানুষ এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাদের সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ‘আরমান সেলুনে’ হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরিত হলে কর্মচারী ও গ্রাহকসহ ১০ জন দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, শামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর