বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় দেশের যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপ চলছে। জরিপ শেষ হওয়া মাত্রই ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের পূর্ণবাসনে সরকারি ও বেসরকারিভাবে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের জনদুর্ভোগ লাঘবে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত একজন মানুষও যাতে সহায়তার বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments