Image description

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। শিরোপা কার ঘরে যাবে—আর্জেন্টিনা নাকি স্পেন? এই উত্তেজনার মধ্যেই একটি ব্যতিক্রমী পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছে থাইল্যান্ডের খন কায়েন চিড়িয়াখানার সাদা সিংহ ‘বয়’। সিংহটির ভবিষ্যৎবাণী অনুযায়ী, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে স্পেন। একই সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফ্রান্স জয় পাবে বলেও বেছে নিয়েছে সে।

থাইল্যান্ডের সংবাদমাধ্যম ‘ব্যাংককপোস্ট’-এর বরাতে জানা যায়, সম্প্রতি চিড়িয়াখানায় এক বিশেষ আয়োজনের মাধ্যমে এই পূর্বাভাস নেওয়া হয়। চিড়িয়াখানার পরিচালক থিপাওয়াদি কিত্তিখুনের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী দলগুলোর জাতীয় পতাকার নিচে ‘বয়’-এর প্রিয় খাবার শুকরের মাংস ঝুলিয়ে রাখা হয়। এরপর সিংহটিকে স্বাধীনভাবে খাবার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ম্যাচের জন্য তিনবার একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। কোনো একটি দলের পতাকার নিচের খাবার সিংহটি দুইবার গ্রহণ করলে সেটিকেই তার চূড়ান্ত পূর্বাভাস হিসেবে ধরা হয়। এই প্রক্রিয়ায় ‘বয়’ ফাইনালের জন্য দুইবার স্পেনের পতাকার নিচের খাবার বেছে নেয়। একইভাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সে বেছে নেয় ফ্রান্সকে।

এর আগে সেমিফাইনালের দুটি ম্যাচের ফলও সঠিকভাবে অনুমান করেছিল এই সাদা সিংহটি। সে সময় সে স্পেন ও আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার পূর্বাভাস দিয়েছিল, যা পরে অক্ষরে অক্ষরে ফলে যায়। এখন পর্যন্ত তার সবকটি পূর্বাভাস সঠিক হওয়ায় স্থানীয় দর্শকদের মধ্যে সিংহটিকে ঘিরে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

তবে এই আয়োজন নিয়ে কোনো ভুল ব্যাখ্যার সুযোগ নেই বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক থিপাওয়াদি কিত্তিখুন। তিনি বলেন, “এর মূল উদ্দেশ্য হলো প্রাণীর স্বাভাবিক আচরণ উৎসাহিত করা এবং তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সিংহের খাবার খোঁজার প্রবণতা ও ইন্দ্রিয় ব্যবহারের সুযোগ বাড়ে, যা প্রাণীকল্যাণের অংশ।” 

তিনি আরও স্পষ্ট করেন যে, এই আয়োজন কোনোভাবেই জুয়া বা বাজি ধরাকে উৎসাহিত করার উদ্দেশ্যে করা হয়নি; বরং এটি পর্যটন ও প্রাণী সচেতনতা বৃদ্ধির একটি উদ্যোগ।

মানবকণ্ঠ/ডিআর