Image description

হবিগঞ্জের লাখাই উপজেলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রদান ও তথ্য সংগ্রহ কার্যক্রম। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামে এক কৃষকের তথ্য সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের এই ডিজিটাল উদ্যোগ কৃষিখাতে স্বচ্ছতা আনবে। তবে কোনো প্রকৃত কৃষক যেন এই সুবিধা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতে হবে। এজন্য মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে করাব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের মধ্যে চারজন উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লোকেশন ট্র্যাকের মাধ্যমে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর