অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘নিউ আরবান এজেন্ডা’র মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশ নগরায়ণকে কেবল শহর বিস্তার হিসেবে নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা উল্লেখ করে আহাম্মদ সোহেল মনজুর বলেন, বর্তমান সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকারের এই উদ্যোগগুলো ‘নিউ আরবান এজেন্ডা’ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সহায়ক হবে।
ভবিষ্যৎমুখী নগর উন্নয়ন কৌশলের ওপর আলোকপাত করে প্রতিমন্ত্রী জানান, সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করছে।
বক্তব্যের শেষ পর্যায়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ এবং কোনো অঞ্চল উন্নয়নের সুফল থেকে পিছিয়ে থাকবে না।
মানবকণ্ঠ/ডিআর




Comments