ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গেন্দি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ চিহ্নিত নারী মাদক কারবারি মর্জিনা আক্তার ওরফে গেন্দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সচেতন জনতাকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মর্জিনা আক্তার উপজেলার বানুরকুটি এলাকার সাবেক ইউপি সদস্য আতোয়ার হোসেন মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা আক্তার দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় মাদকের বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। একটি পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে তিনি মূলত ইয়াবা ও গাঁজার কারবার চালাতেন। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্থলবন্দরে আসা পণ্যবাহী ট্রাকচালক ও পরিবহন শ্রমিকরাই ছিল তার প্রধান ক্রেতা। ইতিপূর্বে একাধিকবার তাকে ধরার চেষ্টা করা হলেও কৌশলে তিনি পার পেয়ে যেতেন।
অভিযানকালে পুলিশ তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করে। জব্দকৃত আলামতের মোট বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা।
সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় চিহ্নিত এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments